বিশেষ প্রতিনিধি, nipon।।
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য প্রান্ত মণ্ডল নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার ইচলাদী শেখের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালী জেলা ফায়ার সার্ভিসে কর্মরত নিহত প্রান্ত মন্ডল (২৪) বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধর গ্রামের পলিন মন্ডলের ছেলে।
গৌরনদী থানার ওসি শামীম শেখ জানান, প্রান্ত মন্ডল মোটরসাইকেলে পাথরঘাটা যাওয়ার পথে উজিরপুরের ইচলাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পিকআপভ্যানটিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।