বিশেষ প্রতিনিধি, nipon।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বুধবার (৪ মার্চ) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ অবস্থায় অফিস পাওয়ায় তিন ভূমি কর্মকর্তা ও এক অফিস সহকারীকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং জান্নাতীকে বন্দর উপজেলায় স্থানান্তর করা হয়েছে।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি অফিসের কর্মীদের অনুপস্থিতি দেখে বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করবেন এবং জনগণের সেবা বিঘ্নিত করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জন্য কাজ করতে দায়বদ্ধ। সরকারি দপ্তরে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা সহ্য করা হবে না।