বিশেষ প্রতিনিধি, nipon।।
বিদেশি চুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার ( ৫ মার্চ ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে। তবে দুঃখজনকভাবে এসব গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
ডা. শফিকুর রহমান বলেন, সংসদ না থাকার কারণে বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এ বিষয়ে তারা একাধিকবার দাবি জানালেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি।
তিনি আরও বলেন, তাই এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।
এদিকে সম্প্রতি নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচনের আগেই বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিল এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন। তাই বিষয়টি অন্ধকারে রাখা হয়নি বলেও দাবি করেন তিনি।