বিশেষ প্রতিনিধি, nipon।।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিপদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।