বিশেষ প্রতিনিধি, nipon।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শিদলাই ইউনিয়নের পুমকারা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন পুমকারা এলাকার বাসিন্দা মুলফত আলীর ছেলে হাসান (১৮) এবং একই এলাকার অনিক আহমেদের ছেলে দ্বীন ইসলাম (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, পুমকারা এলাকার একটি চা দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা হাসান ও শিশু দ্বীন ইসলাম দগ্ধ হন।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।