বিশেষ প্রতিনিধি, nipon।।
সব অনিশ্চয়তা দূর করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ‘মেন ইন গ্রিন’। বিমানবন্দরে পৌঁছে সেহরি সম্পন্ন করার পর ক্রিকেটাররা টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।
আজ বিশ্রাম নেওয়ার পর আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন তরুণ দল। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
দেশ ছাড়ার আগে বাংলাদেশকে তাদের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, বাংলাদেশ নিজেদের কন্ডিশনে সবসময়ই শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং, কারণ তারা ঘরের মাঠের সুবিধা ভালোভাবে কাজে লাগাতে পারে। তবে পাকিস্তান দলে এমন কয়েকজন সিনিয়র ক্রিকেটার রয়েছেন, যাদের বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা সিরিজে দলের কাজে লাগবে এবং জুনিয়ররাও তাদের কাছ থেকে শেখার সুযোগ পাবে।
এর আগে শনিবার (৭ মার্চ) ঢাকায় পৌঁছান পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসনসহ কোচিং স্টাফের পাঁচ সদস্য। মূলত ৯ মার্চ বাংলাদেশে আসার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সূচিতে সামান্য পরিবর্তন এনে একদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছায় পাকিস্তান দল।
পাকিস্তান স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।