বিশেষ প্রতিনিধি, nipon।।
আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, সকাল ১১টার দিকে তেলভর্তি একটি জাহাজ দেশে এসে পৌঁছেছে। এছাড়া আজ আরও একটি জ্বালানিবাহী জাহাজ আসার কথা রয়েছে।
এদিকে চট্টগ্রাম বন্দরে এলএনজি ও এলপিজি বহনকারী মোট আটটি জাহাজ এসে পৌঁছেছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগেই এসব জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জ্বালানিবাহী আটটি জাহাজ রোববার সকালে বন্দরে নোঙর করেছে। তিনি বলেন, “এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।”
প্রসঙ্গত, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার তেল বিক্রির সীমা নির্ধারণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে সরকার জানিয়েছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই।
তবুও জনমনে কিছুটা শঙ্কা দেখা দেওয়ায় পরিবেশকদের মধ্যে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে। বিপণন কোম্পানিগুলোও বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।