বিশেষ প্রতিনিধি, nipon।।
‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইতোমধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয়েরই দাম কমেছে।
মঙ্গলবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিন সোমবারের দামের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ কম এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের দামের তুলনায় ৯ শতাংশ কম বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েক দিন ধরেই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে চড়ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গত ৮ মার্চ রোববার তা চূড়ান্ত পর্যায়ে যায় এবং বিগত চার বছরের জ্বালানি তেলের দামের রেকর্ড ভেঙে ফেলে। রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ ডলারে।