বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেছেন, লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছে। তিনি বলেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, এই রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অবদান রাখবে। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে বেশি বেশি ইবাদত-বন্দেগি ও মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
শেষে তিনি দোয়া করেছেন, মহান আল্লাহ যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত বর্ষণ করেন এবং দেশের অগ্রগতি, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করেন।