বিশেষ প্রতিনিধি, nipon।।
চলতি বছরের পুরস্কার মৌসুমে একের পর এক সাফল্যের পর এবার অস্কারের মঞ্চেও বাজিমাত করলেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই আইরিশ অভিনেত্রী। এর মাধ্যমে অস্কারের ইতিহাসে প্রথম আইরিশ অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর বিভাগে পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করলেন বাকলি।
জনপ্রিয় লেখক ম্যাগি ও’ফারেল এর উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হ্যামনেট’ সিনেমায় জেসি বাকলি অভিনয় করেছেন বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী ‘অ্যাগনেস’-এর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটিতে শেক্সপিয়ারের ১১ বছর বয়সী ছেলে হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোক কীভাবে পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়, তা হৃদয়স্পর্শীভাবে তুলে ধরা হয়েছে। সমালোচকদের মতে, সন্তানের মৃত্যুর শোক থেকেই শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘হ্যামলেট’ রচনার অনুপ্রেরণা পাওয়ার ধারণাটি অত্যন্ত আবেগঘনভাবে ফুটিয়ে তুলেছেন বাকলি।
আইরিশ এই অভিনেত্রীর অভিনয়জীবনের শুরু ২০০৮ সালে। সে সময় বিবিসি ওয়ানের জনপ্রিয় ট্যালেন্ট শো ‘আই’ড ডু অ্যানিথিং এ রানার-আপ হয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। মাত্র ১৭ বছর বয়সেই নিজের প্রতিভা ও লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছিলেন বাকলি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অভিনয়ের প্রতি নিজের তীব্র আকাঙ্ক্ষা ও সংগ্রামের কথা তুলে ধরেছেন।
এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি।