বিশেষ প্রতিনিধি, nipon।।
মানিকগঞ্জ প্রতিনিধি:
খাল খনন ও পুনঃখনন মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাে তালুক হাঁপানিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে।
তিনি আরও বলেন, মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর উন্নয়ন ভাবনার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাসাদহ খালের পুনঃখননও শিগগিরই উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান এবং দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এই কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে দৌলতপুর উপজেলা প্রশাসন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের ফলে এলাকার কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
পরে মন্ত্রী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।