বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে এই ছুটি কার্যকর হয়েছে, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। এর আগে সোমবার (১৬ মার্চ) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ছুটি শুরুর আগেই রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামে ফেরা মানুষের ভিড়ে সড়ক ও যানবাহনে চাপ বাড়তে দেখা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পূর্বঘোষিত ছুটির সঙ্গে অতিরিক্ত হিসেবে ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটির সুযোগ পেয়েছেন।
এর আগে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চ ছুটি দেওয়ার দাবি ওঠে। সেই প্রেক্ষিতে ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয় এবং পরে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, কার্যপ্রণালী বিধিমালা, ১৯৯৬ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি সেবাখাত। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।
এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি দায়িত্বে নিয়োজিত সরকারি ও বেসরকারি কিছু অফিস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।