বিশেষ প্রতিনিধি, nipon।।
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সংঘটিত এই হামলায় অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয় এবং একই সঙ্গে রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বার্তাসংস্থা রয়টার্সএর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এর প্রভাব ইরাকেও ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরাকের নিরাপত্তা বাহিনীর দাবি, বাগদাদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে চালানো হামলাগুলোর মধ্যে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও তীব্র আক্রমণ।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় বাগদাদজুড়ে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দূতাবাসের নিকটবর্তী এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি উঠতে দেখা গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো গ্রিন জোন এলাকায়, এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইরাকি কর্তৃপক্ষ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।