| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আজ ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

  • আপডেট টাইম: 14-01-2026 ইং
  • 127073 বার পঠিত
রাজধানীতে আজ ৭ কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে আজ রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হবে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয় সাত কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভা আয়োজন করে।

শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি সূত্র অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থীরা আশা করছেন, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দেওয়া হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হবে।

এই প্রেক্ষাপটে এক দফা দাবিতে আজ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪