| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাবি সংলগ্ন ইসলামনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 118351 বার পঠিত
জাবি সংলগ্ন ইসলামনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরে অবস্থানরত চারজনই দগ্ধ হন।

আহতদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি ও আব্দুস সোবহান রায়। অন্য দুই আহত ব্যক্তি হলেন হাসিনুর ও রাহাত।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। গুরুতর আহত সাইফুল ইসলাম রনি ও হাসিনুরকে রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপর দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের খণ্ডকালীন চিকিৎসক অমিতাভ দাস জানান, সাইফুল ইসলামের শরীরের আনুমানিক ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার পিঠ, হাত ও একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনায় জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, রনির শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা অত্যন্ত গুরুতর।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, আহতদের চিকিৎসার বিষয়টি পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪