দেশে বর্তমান হাম পরিস্থিতিকে মহামারি বলা যাবে না এবং এ নিয়ে জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে সোমবার (২০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন যে অবস্থা, সেটাকে মহামারি বলা যাবে না। হামে প্রথম শিশু মৃত্যুর পরপরই সরকার আইসিইউর ব্যবস্থা করেছে।
স্বাস্থ্যমন্ত্রী অতীত সরকারের সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতার কারণেই বর্তমান ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি।” পাশাপাশি তিনি এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, মায়েদের মধ্যে শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রবণতা কমে যাওয়াও উদ্বেগজনক। “বর্তমানে কিছু মা স্টাইলের কারণে, আবার কেউ কর্মব্যস্ততার কারণে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান না। এতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টি কমে যাচ্ছে,” বলেন তিনি। এর ফলে হামসহ বিভিন্ন রোগে শিশুদের ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে রূপগঞ্জে স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্থানীয় সংসদ সদস্য আগামী বাজেটে ১০০ শয্যার একটি হাসপাতালের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় রূপগঞ্জবাসীকে একটি ১০০ শয্যার হাসপাতাল উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
হাফিজ/ আয়না নিউজ