হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বা ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (২৫ জানুয়ারি) জনসচেতনতা তৈরির লক্ষ্যে সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে হর্ন বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে সাতজন চালককে মোট ৬ হাজার ৫০০ টাকা নগদ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
অভিযানে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখা সরকারের অগ্রাধিকার এবং এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও দৃষ্টান্ত হয়ে উঠবে।
তিনি আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিএর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে এই কার্যক্রম শুরু হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখতে পারলে তা নগরজুড়ে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী।
সমন্বিত এই অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, ডিএনসিসি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।