রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটিতে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদনের পাশাপাশি একনেক সভায় আরও ২৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৩ সালের অক্টোবরে। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের শুরুতে প্রকল্পটির একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে আসার কথা থাকলেও করোনা মহামারি, পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক জটিলতার কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়। সর্বশেষ সংশোধিত প্রস্তাব অনুযায়ী প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) রূপপুর প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে তা বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২২ দশমিক ৬৩ শতাংশ।
ব্যয় বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “ডলারের হিসাবে প্রকল্প ব্যয় খুব বেশি বাড়েনি। তবে টাকার অঙ্কে হিসাব করলে এটি অনেক বেশি মনে হচ্ছে।”
একনেক সভায় অনুমোদিত ২৫টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩২ হাজার ৯৮ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ২৯১ কোটি টাকা।