চাঁদা না দেওয়ায় নরসিংদীতে ঢাকা থেকে আসা সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব ড্রিম হলিডে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাসযোগে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। এ সময় পার্কের বিপরীতে একটি খালি জায়গায় বাস পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। সাংবাদিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাসের চাবি কেড়ে নেয় এবং নারী, শিশুসহ সাংবাদিকদের জিম্মি করে ভয়ভীতি দেখায়। এমনকি বাসে অগ্নিসংযোগের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।
হামলার সময় বাসে থাকা নারী ও শিশুরা আতঙ্কে কান্না ও চিৎকার শুরু করেন। এতে সাংবাদিক ফয়েজ, শাহেদ, মহসিনসহ অন্তত ১০-১২ জন আহত হন।
খবর পেয়ে ক্র্যাবের নেতারা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, “আমরা বর্তমানে মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে। এই ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”
নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। আহত সাংবাদিকদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।