ভোট দেওয়ার পর প্রবাসী ভোটারদের পাঠানো ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এ তথ্য জানিয়েছে। এক তথ্য বিবরণীতে ইসি জানায়, পোস্টাল ব্যালটের জন্য প্রেরিত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি ব্যালট।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনার আওতায় আনা হবে।
এদিকে, দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিকের জন্য পাঠানো পোস্টাল ব্যালট এখনো ফেরত আসা শুরু হয়নি। দেশে ও দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন বলে জানিয়েছে ইসি।