আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র সরকার ‘অফিসিয়ালি’ কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না। তবে, মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি স্বাধীন (ইন্ডিপেন্ডেন্ট) দল নির্দিষ্ট কয়েকটি এলাকায় ভোট পর্যবেক্ষণে আসবে। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার ( ২৮ জানুয়ারি ) নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, মার্কিন দূতাবাস থেকে আসা এই প্রতিনিধি দল ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় স্বতন্ত্রভাবে ভোট পর্যবেক্ষণে অংশ নেবে। তবে তারা “ফরমাল অবজারভার” নন।
ইসি সচিব বলেন, “ওরা নিজেদের মতো করে নির্বাচনের দিন উপস্থিত থাকবেন। আমাদের তালিকাভুক্ত কোনো অবজারভার হিসেবে নয়। আমরা যেতে অসুবিধা নেই বলেছি। গাড়ি চলাচলসহ যাতায়াতের বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে। আমরা শুধু ফ্যাসিলিটেশন করব।”
নির্বাচন সংক্রান্ত আচরণবিধি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সচিব জানান, প্রয়োজনীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নিয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, নির্বাচনের দিন প্রায় সাড়ে ছয় লাখ নিরাপত্তাকর্মী বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে মোট সাড়ে ৫৫ হাজার দেশি এবং ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে অংশ নেবেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।