প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন নতুন সম্ভাবনার দরজা খুলেছিল, ঠিক তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই অভুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “ডিজিটাল খাতই বর্তমানে মূল খাত। কারণ এটি থেকেই পরিবর্তন আসবে। এ খাত থেকেই অন্যান্য সব খাত প্রভাবিত হবে।”
ড. ইউনূস জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে। এতে দেশের বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আমাদেরকে প্রযুক্তিতে ভালো করতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। আমাদের সেই সামর্থ্য রয়েছে।”
তিনি চাকরি ও উদ্যোক্তা বিষয়ে বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করা একটি ভুল ধারণা। এটি এক ধরনের দাস প্রথার সঙ্গে সম্পর্কিত। সরকারকে উদ্যোক্তাদের সহায়তা করতে হবে।
সরকারি চাকরির মেয়াদ সম্পর্কে ড. ইউনূস বলেন, পাঁচ বছরের বেশি সরকারি চাকরি করা উচিত নয়। দীর্ঘকাল একই প্রতিষ্ঠানে থাকলে মাইন্ডসেট স্থির হয়ে যায় এবং সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছরের পর নতুন করে শুরু করা উচিত, কারণ সময়ের সঙ্গে সঙ্গে লক্ষ্য পরিবর্তন হলেও মানুষরা পুরোনো ধ্যান ধারণা নিয়ে বসে থাকে।