প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অনধিকার প্রবেশের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত এবং ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
নীতিমালা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং টিম বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশকারী দুইজন ব্যক্তিকে আটক করে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর জাল করে সচিবালয়ে প্রবেশ করেন। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেন।
আটককৃতদের মধ্যে মো. আলিফ শরীফ অবৈধ পাস তৈরির সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি অন্যদেরও এ ধরনের পাস তৈরিতে সহায়তা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আলিফ শরীফকে এক মাসের এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করা হয়। তাকেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিত যানবাহন প্রবেশের বিষয়টিও মনিটরিং করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্টিকারবিহীন ও মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।