বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই, যাতে ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যরা ঝুঁকিতে রয়েছেন।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের বিষয়ে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা বা সংকেত রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “শঙ্কা নেই। আর সংকেত কী আমি বুঝতে পারছি না। এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। তারা যেকোনো সময় তাদের কর্মীদের পরিবারকে চলে যেতে বলতে পারে।
তিনি আরও বলেন, তারা কেন এটি করছেন, তার কোনো কারণ আমি খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো ঘটনাও ঘটেনি, যাতে তাদের কর্মকর্তা বা পরিবারের সদস্যরা বিপদের মুখে পড়েছেন। হয়তো তাদের মনে কোনো আশঙ্কা থাকতে পারে, অথবা তারা কোনো বার্তা দিতে চাইছে—হতে পারে। কিন্তু আমি এর মধ্যে সুনির্দিষ্ট কোনো বার্তা খুঁজে পাচ্ছি না।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, সার্বিকভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো বিঘ্ন ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায়ও এবারে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা বিপদে আছেন—এ রকম কোনো কথা আমাদের জানানো হয়নি।
তিনি বলেন, ভারত যদি তাদের কূটনীতিকদের পরিবার-পরিজনকে ফিরিয়ে নিতে চায়, সে বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।