| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশটি যেনো আর জালিয়াতির কারখানায় পরিণত না হয়: প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 28-01-2026 ইং
  • 117777 বার পঠিত
দেশটি যেনো আর জালিয়াতির কারখানায় পরিণত না হয়: প্রধান উপদেষ্টা

জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর ‘চ্যাম্পিয়ন’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশটি যেনো আর জালিয়াতির কারখানায় পরিণত না হয়, সে জন্য সবার মানসিকতা বদলানোর আহবান জানান তিনি।

বুধবার ( ২৮ জানুয়ারি ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’–এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন—জালিয়াতিতে। সব জিনিস জাল। ভিসা জাল, পাসপোর্ট জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না।” তিনি উল্লেখ করেন, সম্প্রতি গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির খবরও প্রকাশিত হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের বুদ্ধি আছে বলেই আমরা এসব জালিয়াতি করতে পারছি। কিন্তু সেই বুদ্ধি আমরা খারাপ কাজে লাগাচ্ছি। জালিয়াতির পেছনে অনেক ক্রিয়েটিভিটি থাকে। এই প্রযুক্তি যদি জালিয়াতির কাজে লাগে, তাহলে ভয়াবহ পরিণতি হবে।

তিনি বলেন, হাজারে হাজারে সব কিছু ভুয়া—পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া। আর ভয়ংকর বিষয় হলো, যেখান থেকে এগুলো ইস্যু হওয়ার কথা, সেখান থেকেই ইস্যু হচ্ছে। কাজেই প্রযুক্তিতে এগোতে হলে আমাদের ন্যায্যতার জায়গা থেকে শুরু করতে হবে।

জালিয়াতির কারণে বিদেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার প্রসঙ্গ তুলে ধরে ড. ইউনূস বলেন, মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে শুধু শ্রমিক নয়, বাংলাদেশের কোনো নাগরিককেই প্রবেশাধিকার দিচ্ছে না।

তিনি উদাহরণ দিয়ে বলেন, বাংলাদেশের মেরিনাররা সারা পৃথিবীর জাহাজে কাজ করলেও অনেক দেশে তারা জাহাজ থেকে নেমে স্থলে যাওয়ার অনুমতি পান না। অনেক অনুরোধের পর কয়েক মাস পরে সেই দেশটি মেরিনারদের জন্য বিশেষ ছাড় দেয়। কিন্তু এমন দেশের তালিকা অনেক লম্বা, যেখানে বাংলাদেশিদের প্রবেশাধিকার নেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সংশ্লিষ্ট দেশের এক মন্ত্রী তাকে সরাসরি জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের মূল কারণ জাল শিক্ষাসনদ ও ভুয়া কাগজপত্র। তিনি জানান, এক নারী নিজেকে ডাক্তার পরিচয়ে ভিসা নিলেও যাচাইয়ে দেখা যায়, তার সব কাগজপত্রই জাল এবং বাস্তবে তিনি চিকিৎসক হওয়ার যোগ্য নন।

ড. ইউনূস বলেন, এই দেশ জালিয়াতির কারখানা হবে না। আমরা নিজেদের গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। প্রযুক্তির এই যুগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা জালিয়াতি ছাড়ব, তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেব এবং মানুষের সহায়ক সরকার গড়ে তুলব।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪