বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র বাস্তবসম্মত ও টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাতে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে ইউএনএইচসিআরের প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর জন্য সহায়তা তহবিলের নাটকীয় হ্রাসের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে শিবিরগুলোতে আত্মনির্ভরশীলতা ও জীবিকাভিত্তিক কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গত এক বছরে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকট তুলে ধরতে একাধিক উচ্চপর্যায়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রমজান মাসে জাতিসংঘ মহাসচিবের শরণার্থী শিবির পরিদর্শন উল্লেখযোগ্য হলেও সংকটটি এখনও প্রত্যাশিত আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না।
তিনি আরও বলেন, শিবিরে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি অবস্থান কোনো সমাধান নয়। এতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে উদ্যোগ নেওয়া জরুরি।
সমস্যার উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সমাধানও সেখান থেকেই আসতে হবে। শিবিরে এক হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, যাদের অনেকেরই প্রযুক্তিতে প্রবেশাধিকার রয়েছে—যা ভবিষ্যতের জন্য কারও পক্ষেই ইতিবাচক নয়। তাদের শান্তি ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করাই আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।
বৈঠকে ভাসানচরের রোহিঙ্গা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট এবং দেশের গণতান্ত্রিক রূপান্তর নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস জানান, ভাসানচর থেকে অনেক রোহিঙ্গা শরণার্থী মূল ভূখণ্ডে চলে আসায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
ইভো ফ্রেইজেন জানান, সদ্য নিযুক্ত ইউএনএইচসিআর প্রধান বারহাম সালিহ শিগগিরই বাংলাদেশ সফরে আসতে পারেন এবং রোহিঙ্গা শিবির পরিদর্শনের সম্ভাবনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। একটি বিশ্বাসযোগ্য ও সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করতে সরকার নতুন মানদণ্ড স্থাপন করতে চায়। বিশেষ করে নতুন ও প্রথমবার ভোটারদের জন্য নির্বাচন প্রক্রিয়াকে আনন্দময় ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।