শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন মাত্র দুই সপ্তাহ দূরে থাকাকালে বিএনপি, জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত সবাইকে শান্তি বজায় রাখার, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এবং ভোটারদের সঙ্গে শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল।
অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।