প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ–২০২৬-এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ–২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া প্রতি বছর ২৩ মার্চকে ‘বিএনসিসি ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয় ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স/লোয়ার লেভেল মিশন) খোলার বিষয়ে। একই সঙ্গে ২০২৫–২০২৮ সময়কালের জন্য আমদানি নীতি আদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।
এছাড়া নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০’-এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা, মানবাধিকার সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ এবং নগর উন্নয়নে কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।