| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম: 29-01-2026 ইং
  • 116180 বার পঠিত
জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি মুক্তি পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টিকে কারা কর্তৃপক্ষ ‘ভুল মুক্তি’ হিসেবে উল্লেখ করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। কারাগারের একজন কর্মকর্তা ভুলবশত হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেন। এ ঘটনায় গাফিলতির দায়ে সংশ্লিষ্ট ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিনের কাগজ হিসেবে বিবেচনা করায় এ ঘটনা ঘটে। দায়িত্বে থাকা ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজও অসতর্কতাবশত এই ভুল হয়েছে বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এদিকে, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তিনি বলেন, দ্রুত জানানো হলে আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সহজ হতো। আসামিদের ধরতে পুলিশের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মুক্তিপ্রাপ্ত তিন আসামি হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তারা ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকার বাসিন্দা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪