| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 115974 বার পঠিত
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন-পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মরক্কো সভাপতি এবং বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সহায়তা করে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।

২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে ২০তম অধিবেশনের প্রথম সভায় সহ-সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পক্ষে এবং মহাসচিবের চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পিসবিল্ডিং কমিশনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কমিশনের সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪