| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫০ যাত্রী নিয়ে করাচি গেলো বিমানের প্রথম ফ্লাইট

  • আপডেট টাইম: 30-01-2026 ইং
  • 116004 বার পঠিত
১৫০ যাত্রী নিয়ে করাচি গেলো বিমানের প্রথম ফ্লাইট

এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিমান, সিভিল এভিয়েশন ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান।

এই রুট চালুর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা বিনিময় এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

বিমানের প্রথম ফ্লাইটটি ২৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টায় করাচি পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন।

শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে এবং একই দিন করাচি থেকে ঢাকায় ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪