বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।এমনটাই বললেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে তারেক রহমান উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রতিক নির্বাচন প্রমাণ করেছে যে তারেক রহমানের নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। তিনি দাবি করেন, এ নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সংবাদ সম্মেলনে নেতারা নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেন।