রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। বৃষ্টি উপেক্ষা করেই মুসল্লিরা নামাজ আদায় করতে মসজিদে আসেন।
দুপুর ১২টা থেকে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বৃদ্ধি পায়। অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসে জাতীয় মসজিদে শেষ জুমার নামাজে অংশগ্রহণ করেন।
দুপুর ১টার আগে মসজিদের মূল অংশ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। আজানের পর নিচতলাও ভরে ওঠে। তবে বৃষ্টির কারণে অন্যান্য বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল।
মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেকের ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাতে আখিরাতের মুক্তি, দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করা হয়। এসময় অনেক মুসল্লিকে পরিবার ও প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাত করতে দেখা গেছে।
মাহে রমজানের প্রতিটি দিন মুসলিম উম্মাহর কাছে পবিত্র, আর জুমার দিন সপ্তাহিক ইবাদতের দিন হিসেবে গুরুত্বপূর্ণ। বিশেষত, রমজানের শেষ দশকে অনুষ্ঠিত জুমাতুল বিদা রোজাদারদের জন্য অতিরিক্ত তাৎপর্যপূর্ণ ও সম্মানিত।