| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধমক ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 03-06-2026 ইং
  • 507 বার পঠিত
ধমক ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হয়।

বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। তবে এবারের নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে এবং বিএনপির ওপর আস্থা রেখেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে জনগণের স্বাধীনতা খর্ব করা হয়েছিলো। কিন্তু সেই সময় এখন পেরিয়ে এসেছে। এখন মানুষ মুক্তভাবে শ্বাস নিতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দেশের ইতিহাস তুলে ধরে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং ২৪-এর গণঅভ্যুত্থান এগুলো কোনোভাবেই ভুলে যাওয়ার নয়, কারণ এসবের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

শিক্ষা বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে, কারণ শুধু এমএ পাশ করেও এখন চাকরি পাওয়া কঠিন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় আসার পর দায়িত্ব আরও বেড়ে গেছে। তাই সবাইকে দৃষ্টান্ত স্থাপন করে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে জনগণের আস্থা অর্জন করা যায়।

তিনি আরও জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং সরকারের প্রথম তিন মাসেই নানা উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা ঘোষণা, মেডিকেল কলেজ স্থাপন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতারা।

সুজন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪