| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ আনন্দ ঘরে ঘরে

  • আপডেট টাইম: 21-03-2026 ইং
  • 46023 বার পঠিত
ঈদ আনন্দ ঘরে ঘরে

মাসব্যাপী সিয়াম সাধনার পর আজ সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রোজা, ইবাদত-বন্দেগি, সংযম ও আত্মশুদ্ধির পর খুশির বার্তা নিয়ে এসেছে এই আনন্দের দিন।

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের শহর ও গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। নতুন পোশাকে সজ্জিত হয়ে পরিবার-পরিজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতে মেতে উঠেছেন সব শ্রেণি-পেশার মানুষ। ঈদের নামাজ আদায়ে শিশু থেকে বৃদ্ধ—সবাই অংশ নিচ্ছেন ঈদগাহ ময়দানে।

রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে ঈদের জামাত শুরু হয়। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো কারণে সেখানে জামাত সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মুসল্লিদের জন্য পৃথক নামাজের স্থান ও নারীদের জন্য পর্দার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের দিন পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে একসঙ্গে ২৫ হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে নগরীর কর্মব্যস্ত মানুষদের বড় একটি অংশ গ্রামে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রমজান পূর্ণ হয়। পরে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার খবর নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়, যার ভিত্তিতে আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪