বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সরবরাহ কমার কারণে তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী মির্জা বলেন, আমাদের সামনে কঠিন সময়। যুদ্ধ আমাদের ক্ষতি করছে। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। এসব সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।
ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার প্রবণতা কঠোরভাবে সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষ ধর্মকে ব্যবসার জন্য ব্যবহার পছন্দ করে না। তিনি আরও বলেন, সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া সম্ভব নয়।
তেল সংকট প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, “যুদ্ধের কারণে তেলের সরবরাহ কমেছে। তবে কোনো পাম্প ভাঙচুর সমীচীন নয়। আমরা আইনগত ব্যবস্থা নেব।”
এছাড়া, তিনি কৃষি ক্ষেত্রে বর্তমান সমস্যাগুলো তুলে ধরে বলেন, গম ঝড়-বৃষ্টিতে পড়ে গেছে, আলু শুয়ে পড়েছে। আমরা কৃষকদের সাহায্যের প্রতিশ্রুতি পূরণ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহযোগিতা করছেন। সারা দেশে কয়েক কোটি নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতারা।