| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯ শতাংশ

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 43525 বার পঠিত
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯ শতাংশ

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরি (২০২৬) সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। এ বছরের গড় পাসের হার ৮৯.৯৯ শতাংশ।

ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী। সারাদেশে ১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকাজে মোট ২৩,৮৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৫,২৬৮ জন ছাত্র ও ৮,৬১৩ জন ছাত্রী।

ফলাফলে দেখা গেছে, উত্তীর্ণ হয়েছে ২১,৪৯১ জন (ছাত্র ১৪,১৮৬ ও ছাত্রী ৭,৩০৫) এবং অনুত্তীর্ণ হয়েছে ২,৩৯০ জন। ছাত্রদের পাসের হার ৯২.৯১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৪.৮১ শতাংশ।

এছাড়া মাকবুল (তৃতীয়) বিভাগে ছাত্র ২ হাজার ৩৪৭ জন এবং ছাত্রী ২ হাজার ৫৭২ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা বাতিল (যবত) করা হয়েছে ২০ জনের।

পরীক্ষা প্রবিধি অনুযায়ী ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম পৃথকভাবে প্রণয়ন করা হয়েছে এবং প্রতি ৫০০ জনে একজনকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। সে হিসেবে ছাত্রদের ক্ষেত্রে ৩১তম এবং ছাত্রীদের ক্ষেত্রে ১৭তম পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত মেধা তালিকায় ৯৩২ নম্বর পেয়ে ছাত্রদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বায়তুল উলূম ঢালকানগরের খালেদ হাছান। ৯২৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়া আল-ইসলামিয়ার মো. আব্বাস।

৯২৫ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকার মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার মুতাসিম বিল্লাহ। একই নম্বর পেয়েছে ঢাকার সূত্রাপুরের মাদ্রাসা বায়তুল উলূম ঢালকানগরের মুহা. আবু রায়হান।

অন্যদিকে ছাত্রীদের মধ্যে ৮৯৪ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে ঢাকার রামপুরার ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসার আসমা। ৮৮৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে লালমনিরহাটের আদিতমারীর দারুল কোরআন মহিলা মাদ্রাসার মোছা. ফাতিমাতুয যাহরা। ৮৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে ঢাকার উত্তরা-১০ এলাকার আল-জামিয়াতুল ইসলামিয়ার তাহসিনা সিদ্দীকা মারিয়া।

ফলাফল প্রকাশ শেষে সংশ্লিষ্টরা উত্তীর্ণ ও অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ তাআলার নিকট তাদের সফলতা ও কল্যাণের জন্য দোয়া করা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪