দেশে জেট ফুয়েলের দাম বড় ধরনের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যা দেশের বিমান পরিবহন খাতে বড় প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) এক জরুরি ভার্চুয়াল সভার পর নতুন এই মূল্য ঘোষণা করা হয়। সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), পদ্মা অয়েলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
নতুন ঘোষণায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির ফলে বিমান ভাড়া বাড়তে পারে এবং যাত্রীদের ওপর অতিরিক্ত ব্যয় চাপতে পারে। একই সঙ্গে এভিয়েশন খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।