মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তীব্র তেল সংকটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
জনগণ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল নিতে পারছেন না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনও ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেছেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি হওয়ার পর দেশের জ্বালানি তেলের ঘাটতি নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। তবে সরকারের পক্ষ থেকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল কেনার আহবান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বারবার আশ্বস্ত করেছেন, দেশে তেল সংকট নেই। তার মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত মজুত আছে।