২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ মার্চ) তিনি এক বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের বীর মুক্তিযোদ্ধা ও জনগণ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতিষ্ঠার জন্য তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা। তিনি উল্লেখ করেন, লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে, তবে স্বাধীনতার ৫৫ বছরে অনেক প্রত্যাশা এখনও পূর্ণ হয়নি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাতে পারবে না।
তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণ এ বিষয়ে আর কোনো টালবাহানা মেনে নেবে না।
ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদদের স্মরণ করেন। তিনি আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতার কামনা করেন এবং সকল শহীদ পরিবারে গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি যোগ করেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ-বিগ্রহ চলমান। এমন সংকটময় মুহূর্তে আমি মহান স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।