এই মুহূর্তে যেকোনো ধরনের সহিংসতা বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধানের আহবান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এক পোস্টে বলেন, ইরানে সম্প্রতি আক্রমণ ও পাল্টা আক্রমণের কারণে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়েছে। এই যুদ্ধ শুধু সংশ্লিষ্ট অঞ্চল নয়, পুরো বিশ্বকে আতঙ্কগ্রস্ত করেছে। বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানিপ্রবাহও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, জ্বালানি সংকট ইতোমধ্যেই জনজীবনে সমস্যার সৃষ্টি করেছে। কয়েকদিনের ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস, আদালত, কলকারখানাসহ যাবতীয় কার্যক্রম পুনরায় চালু হবে। এতে জ্বালানি সংকট আরও গুরুতর রূপ নেবে। জনগণ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে, যা একটি বিরক্তিকর ভোগান্তি।
তিনি সতর্ক করে বলেন, জ্বালানি সংকট শুধুমাত্র যানবাহন ও বিদ্যুৎ সরবরাহকে প্রভাবিত করবে না; কলকারখানা, কৃষি ও উৎপাদনমূলক সকল কার্যক্রমের পাশাপাশি ইন্টারনেটের গতিপ্রকৃতিও ঝুঁকির মধ্যে পড়বে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে, কোনো সমস্যা থাকলে তা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানাই। মনে রাখবেন, আপনারা যে যুদ্ধের দাবানল সৃষ্টি করছেন, তা বিশ্বের শতশত কোটি মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে বিশ্ববাসীকে আর কষ্ট দেবেন না।