চট্টগ্রাম বন্দরে বৃহৎ পরিমাণ জ্বালানি তেল নিয়ে হংকং পতাকাবাহী ‘এমটি গ্রান কাউভা’ নামের ট্যাংকারটি নোঙর করেছে। জাহাজটিতে মোট ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ‘এমটি গ্রান কাউভা’ নামের ওই ট্যাংকারটি বন্দরে নোঙর করে। জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই তেল রফতানি করেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ইউসুফ হোসেন ভূঁইয়া জানান, এর মধ্যে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল রয়েছে। তিনি বলেন, ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার হবে, আর জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।
এই মাসে এটি নবম তেলবাহী জাহাজ। আগের আটটি জাহাজ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। মোট ১৭টি জাহাজের মধ্যে বাকি জাহাজগুলোর আগমন এখনও অনিশ্চিত।
বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে দেশের জ্বালানি ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জেট ফুয়েলের সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বৃদ্ধি করেছে।
বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাহাজ এসেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে।