| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিপোতে তেল সুরক্ষা ও বিপণনে বিজিবি মোতায়ন

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 167024 বার পঠিত
ডিপোতে তেল সুরক্ষা ও বিপণনে বিজিবি মোতায়ন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে অননুমোদিত মজুতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি দেশের বিভিন্ন জেলায় ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়। সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করে তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এদের কাজের মধ্যে রয়েছে গোয়েন্দা নজরদারি, অবৈধ তেল মজুত ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা রোধ এবং ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়।

সীমান্তে তেল পাচার প্রতিরোধের জন্য বিজিবি অতিরিক্ত টহল, নৌ-টহল, চেকপোস্ট স্থাপন এবং সীমান্তবর্তী এলাকা তল্লাশি কার্যক্রম জোরদার করেছে। এছাড়া আইসিপি ও এলসিপিতে নজরদারি বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বিজিবি জানান, ডিপোগুলোতে তাদের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪