আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যেখানে হঠাৎ করেই তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৯৩ ডলারে। বিশ্লেষকদের মতে, এটি গত ২৭ ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৬২ শতাংশ বেশি।
অন্যদিকে, ব্রেন্ট ক্রুড তেলের দামও বেড়েছে ৩ দশমিক ০১ শতাংশ, যা বর্তমানে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬৪ ডলারে লেনদেন হচ্ছে।
জ্বালানি বিষয়ক ওয়েবসাইট অয়েলপ্রাইস ডটকম জানিয়েছে, তেলের এই মূল্যবৃদ্ধি ১৯৯০ সালে ইরাকের কুয়েত আক্রমণের সময়কার রেকর্ড বৃদ্ধিকেও ছাড়িয়ে গেছে। ফলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়ছে। কারণ, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য যুদ্ধের আগে যেখানে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলারের মধ্যে ছিল, সেখানে অল্প সময়ের ব্যবধানে এমন উল্লম্ফন বাজারে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বাজার এখনো এই সংকটের পূর্ণ প্রভাব অনুধাবন করতে পারেনি। আগামী মাসগুলোতে এর প্রকৃত অর্থনৈতিক প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠবে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।