লেবাননে বিশ্বের বৃহত্তম ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চার জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২ জন। গতকাল সোমবার এক বিবৃতিতে দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইডিএফ।
নিহত সেনাদের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ৩ জনের নাম-পরিচয়-পদবি প্রকাশ করেছে। ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১), স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয়-পদবি পরে জানানো হবে বলে জানিয়েছে আইডিএফ।
নিহত ও আহত সেনারা সবাই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের অধীন। আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সোমবার দক্ষিণ লেবানের পশ্চিমাংশে সামরিক অভিযান চালানোর সময়ে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে হিজবুল্লার বন্দুকধারীদের হামলার শিকার হয়েছেন তারা। খুব ক্লোজ রেঞ্জে বন্দুকযুদ্ধ হয়েছিল এবং হিজবুল্লাহর বেশ কয়েক জন যোদ্ধাও নিহত ও আহত হয়েছে।
২৮ ডিসেম্বর থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করলে অভিযানের দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের পাশাপাশি লেবাননেও হামলা শুরু করে ইসরায়েল। গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ১ হাজার ২৪৭ জন নিহত এবং ৩ হাজার ৬৯০ জন আহত হয়েছেন ।