দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
তিনি জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি তেল মজুত আছে। এর মধ্যে রয়েছে:
ডিজেল: ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন: ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল: ১১ হাজার ৪৩১ মেট্রিক টন, জেট ফুয়েল: ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন
মনির হোসেন চৌধুরী বলেন, মার্চ মাসে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা হয়নি। এপ্রিলেও কোনো সংকট হবে না।” তিনি আরও জানান, ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা আনতে সরকার একটি নতুন অ্যাপ তৈরি করছে। চলতি সপ্তাহে এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।
তিনি বলেন, “ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা দেওয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। গতকাল সারাদেশে অভিযানে ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুত করা তেল উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট উদ্ধার হয়েছে ২ লাখ ৯৬ হাজার লিটার।”
এছাড়া, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহেও কোনো সমস্যা হবে না, কারণ প্রয়োজনীয় পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে।