হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বাংলাদেশ এবার বিকল্প সমুদ্রপথে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানির উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, লোহিত সাগরের তীরবর্তী সৌদি বন্দর ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে সরাসরি এই তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, তেলবাহী ট্যাংকারটি আগামী ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে তেল লোড করবে। এরপর তা সাগরপথে সরাসরি দেশে পৌঁছাবে।
এদিকে, বর্তমানে ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল হরমুজ প্রণালিতে জটের কারণে আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় সেটি বাংলাদেশে রওনা হতে পারছে না।
যদিও সম্প্রতি ইরান বাংলাদেশি ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে ‘এমটি নরডিক পলুকস’ সেই তালিকায় অন্তর্ভুক্ত নয় বলে জানা গেছে।
বিএসসি জানিয়েছে, এপ্রিলের শেষ ভাগ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই দুই চালান মিলিয়ে মোট দুই লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। পরে এসব তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করে বাজারে সরবরাহ করা হবে।
সংস্থাটির আশা, এই অতিরিক্ত তেল সরবরাহ দেশের জ্বালানি সংকট অনেকটাই কমাতে সহায়ক হবে।