সরকারের গণভোট বাতিলের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে কাকরাইল পর্যন্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে হাজার হাজার মানুষ ব্যানার ও প্লাকার্ড হাতে অংশ নেন।
ঐক্যের নেতারা অভিযোগ করেন, সরকার গণভোট ও সংস্কারের রায়কে বাধাগ্রস্ত করে ফ্যাসিবাদী নীতি অনুসরণ করছে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকেও প্রত্যাখ্যান করবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে জবাবদিহিতাকে দুর্বল করছে। তিনি আরও সতর্ক করে বলেন, “গণরায় বাতিল করার চেষ্টা করলে বিএনপি মসনদে টিকে থাকতে পারবে না।
বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেনও অভিযোগ করেন, সরকার একক কর্তৃত্ব বজায় রাখতে গণভোট বাতিলের চেষ্টা করছে।
সমাবেশে বক্তারা সরকারের তেল সংকট ও হাম সংক্রমণ রোধে ব্যর্থতার কথাও তুলে ধরেন।
ঐক্যের নেতারা সতর্ক করে জানান, অতীতের মতো যদি বিএনপি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, জনগণ কঠোর অবস্থান নেবে।