গত শুক্রবার ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। রোববার (৫ এপ্রিল) ইসলামিক বিপ্লবী গার্ডের ভূপাতিত করা বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন নিখোঁজ পাইলট। বিমানটি বিধ্বস্ত হলে আহত অবস্থায় সেখান থেকে তিনি বের হয়ে যেতে সমর্থ হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
এর আগে বিমানের আরেকজন পাইলটকে উদ্ধার করা হয়েছিল। তবে এই এই বিমানের পাইলট ও অপর ক্রুকে ধরার জন্য অভিযান শুরু করেছিল বিপ্লবী গার্ড যা যুক্তরাষ্ট্রের কাছে ছিল দুঃস্বপ্নের মতো। তবে একটি বিশেষ কমান্ডো ইউনিট অভিযানটি পরিচালনা করে বলে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা।
মার্কিন বিশ্বস্ত দুটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগের যন্ত্র দিয়ে যোগাযোগ করলে তাদের সাহায্য করতে অসংখ্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। এসময় বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে আসলে তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন সেনা বাহিনী। ওই ক্রুকে উদ্ধারের পর সব মার্কিন সেনা ইরান থেকে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস।