দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগুরুত্বপূর্ণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠক শুরু করেছেন।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বৈঠক বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে প্রধানত দুটি ইস্যুতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রথমত, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অবিলম্বে আহ্বান করে গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের বাস্তবায়নের দাবি। দ্বিতীয়ত, দেশে চলমান তীব্র জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি।
বৈঠক শেষে আজ দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।